হাতির প্রতি মানুষের আক্রমণাত্মক আচরণ কমিয়ে আনাসহ হাতি সুরক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে এক সংলাপে দুই পক্ষ এ অঙ্গীকার করে। হাতি সুরক্ষায় তৃতীয় ইন্দো-বাংলা সংলাপে দুই দেশের বন কর্মকর্তারা এ অঙ্গীকার করেন। সীমান্ত এলাকায় বন্য হাতির চলাফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করার নানা উপায় নিয়েও তারা আলোচনা করেন। বক্তারা বলেন, বন ধ্বংসের ফলে হাতিদের বাসস্থান ও বিচরণ এলাকা দিনদিন কমে যাচ্ছে। এ কারণে মানুষের সঙ্গে হাতির এক ধরনের সংঘাত সৃষ্টি হচ্ছে। সংঘাতে বছরে ৪০০ মানুষ হাতির আক্রমণে প্রাণ হারাচ্ছেন। আবার বছরে অন্তত ১০০ হাতি মানুষের হাতে মারা যাচ্ছে।
প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা মো. শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন এবং ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা এম এস নেগি।