ইজতেমা শান্তিপূর্ণভাবে করতে সহযোগিতা করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যা বাংলাদেশের চেয়ারম্যান, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বিশ্ব ইজতেমাকে শান্তিপূর্ণভাবে করতে সহযোগিতার আহবান জানিয়েছেন। গত বুধবার রাতে তিনি নিজস্ব কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহবান জানান।

তিনি বলেন, ‘দাওয়াতে তাবলীগ একটি দ্বীনি কাফেলা। যেখানে সব বয়সের লোক দ্বীন শিখতে পারে। এই মহতি কাজের জন্যে আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান দিয়ে গেছেন। কল্যাণকর কোন কাজ কেউ করলে পরবর্তীতেও সে ঐ কল্যাণকর কাজের পুণ্য পেতে থাকেন। যাকে শরীয়তের পরিভাষায় সাদাকায়ে জারিয়া বলা হয়।’

তিনি আরো বলেন, ‘গত বছর সরকারের আন্তরিক প্রচেষ্টায় যেভাবে জোড় ও ইজতেমা সুন্দর ও ফিতনামুক্ত এবং আলেমদের তত্ত্বাবধানে সফলভাবে আয়োজন হয়েছিল। এ বছরও সেইভাবে ফিতনামুক্ত ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে করার বিষয়ে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ’