‘বশে আনাসহ যাবতীয় সমস্যার সমাধান দিতেন তিনি!’

কখনো নিজেকে দয়াল বাবা, সাধু বাবা, সাধক বা জিনের বাদশাহ পরিচয় দিয়ে গণমাধ্যম ও ক্যাবল টিভি অপারেটরদের নিজস্ব চ্যানেলে দেওয়া হতো বিজ্ঞাপন। মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ওই চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। বিভিন্ন ভুক্তভোগীর বক্তব্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার রাজধানীর ফার্মগেট ইন্দ্রপুরী ইন্টারন্যাশনাল হোটেল থেকে চক্রের হোতা কথিত ‘জিনের বাদশাহ’ জুবায়ের আহমেদ সুমনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে মালিবাগে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির ‘সিরিয়াস ক্রাইম’ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) সৈয়দা জান্নাত আরা।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন সময়ে জিনের বাদশা, দয়াল বাবা সেজে বিভিন্ন সমস্যার সমাধান দেবে বলে বিজ্ঞাপন তৈরি করে। চক্রটি লটারি ও গুপ্তধন প্রাপ্তি, জটিল রোগ থেকে মুক্তি, পাওনা টাকা আদায়, ভালোবাসার মানুষকে বশে আনা ও দাম্পত্য সমস্যার সমাধানসহ যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বলে প্রলোভন দেখায়।

বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা আরও বলেন, সোহেল মোল্লা নামে এক ব্যক্তি এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৪২ লাখ ২৫ হাজার টাকা হারিয়েছেন। তাকে লটারি পাইয়ে দেবে বলে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ব্যাংক ও বিভিন্ন মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নেয় চক্রটি। গত ২২ জুলাই ভোলার বোরহান উদ্দিন থানায় এ অভিযোগে মামলা করেন সোহেল মোল্লা। এরপর মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।