ওসমানীনগরে বন্যার্তদের মাঝে রান্না খাবার বিতরণ

সিলেটের ওসমানীনগরে বানভাসি মানুষের মধ্যে রান্না খাবার বিতরণ শুরু করেছে সামাজিক সেবামূলক সংগঠন মঙ্গল আলোয় ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ জুন) রাতে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে আশ্রিত বন্যা কবলিত আড়াই শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে তারা এই কার্যক্রম শুরু করে।

জানা যায়, মঙ্গলবার খাবার বিতরণের জন্য  ঢাকা থেকে ওসমানীনগরে আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস সুলতানা ও সাধারণ সম্পাদক মো. সাইক নাজাত। সংগঠনের স্থানীয় প্রতিনিধি শিক্ষক ও সাংবাদিক মো. আনোয়ার হোসেন আনা ও সাংবাদিক আব্দুল মতিনসহ তরুণ সমাজকর্মীদের সহযোগীতায় রান্না খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

ওসমানীনগরে বন্যার্তদের মাঝে রান্না খাবার বিতরণ।

খাবার বিতরণে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট অসীম দাস, কলেজ শিক্ষক দিলিপ চক্রবর্তী, কৃষক লীগ নেতা লিলুউর রহমান পংকী, স্বাস্থ্য কর্মী রফিক মিয়া ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা। ঢাকা থেকে আগত সংগঠনের দুই নেতা ওসমানীনগরে অবস্থান করে নিজেদের সাধ্য মতো বন্যা কবলিত মানুষের মাঝে আগামী কয়েক দিন দু’বেলা রান্না খাবার বিতরণ করবে বলে জানিয়েছেন তারা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস সুলতানা বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যায় মানুষের কষ্ট ও দুর্ভোগ দেখে আমরা রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেই। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা আগামী কয়েক দিন এই কাজটি চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।