শিশুর স্থূলতা সমস্যার সমাধান ৩ অভ্যাসে 

সাম্প্রতিককালে শিশুদের মধ্যে স্থূলতার হার বেড়েছে। যাকে বলা হয় অবেসিটি। শিশুদের ছুটন্ত শরীরে মেদ জমা বা মুটিয়ে যাওয়া একদমই স্বাভাবিক নয়। অন্যদিকে বয়সের তুলনায় ওজন অনেক বেশি হলে শিশুর সৌন্দর্য হারিয়ে যায়। অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চা না করার অভ্যাসে শিশুদের মধ্যে স্থূলতা দিনকে দিন বাড়ছে। তবে প্রতিদিন কিছু নিয়ম মেনে চললেই প্রতিরোধ করা যেতে পারে স্থূলতার সমস্যা। 

স্বাস্থ্যকর খাবার: চকলেট, চিপস, পেস্ট্রি, বিস্কুট শিশুদের পছন্দের খাবারগুলোর মধ্যে পড়ে। তবে এই ধরনের খাবার একেবারেই শরীরবান্ধব নয়। সে কারণে অভিভাবকদের সন্তানের খাওয়াদাওয়ার বিষয়ে বাড়তি খেয়াল রাখা প্রয়োজন। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন স্বাস্থ্যকর খাবার। শিশুরা অনেক সময়ে শাকসবজি, মাছ একেবারেই খেতে চায় না। ফলে শিশুদের ভালো লাগার মতো করে সব ধরনের খাবার তৈরি করে দিন। 

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, শরীরচর্চা না করার অভ্যাসে শিশুদের মধ্যে স্থূলতা দিনকে দিন বাড়ছে

ব্যয়ামে অভ্যাস করান: স্কুল, পড়াশোনা, পরীক্ষা—সব মিলিয়ে মাঠে দৌড়ঝাঁপ করার সুযোগ থাকে না শিশুদের কাছে। খেলাধুলা কমে যাওয়ার প্রভাব শিশুদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক দিক থেকেও ক্ষতিকর। প্রতিদিন অন্তত ৩০ মিনিট যদি শরীরচর্চা করা যায়, তবে অনেকটাই কমে স্থূলতার আশঙ্কা। শরীরচর্চা মানে কিন্তু শুধু ব্যায়াম নয়। সাইকেল চালানো, সাঁতার কাটা বা দৌড়ের মতো অভ্যাসও ব্যায়ামের ক্ষেত্রে সমান কার্যকর।

প্রক্রিয়াজাত খাবার নয়: বাজারজাত ফাস্ট ফুড শুধু স্থূলতা নয়, ডেকে আনে আরও অন্যান্য অসুস্থতাও। তাই ছোট থেকেই সাবধান হওয়া দরকার। শিশুদের মধ্যে এই ধরনের খাবার খাওয়ার প্রবণতা বেশি। সুস্থ ও সুন্দর থাকতে এ ধরনের খাবারে লাগাম টানা জরুরি।