কুমিল্লায় ধর্ষণের পর হত্যা, দুইজনের যাবজ্জীবন

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও মো. হিরণ মিয়ার ছেলে মো. আরিফ হোসেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম ও আইনজীবী মো. নুরুল ইসলাম জানান, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া কবরস্থান থেকে কুমিল্লার মুরাদনগরের মরিয়ম বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। একপর্যায়ে তদন্ত করে পুলিশ রাসেল ও আরিফ নামের দুইজনকে গ্রেফতার করে। পরে তারা মরিয়ম বেগমকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করে।