মাহমুদউল্লাহর টার্গেট সিরিজ জয়

অতীতের মতোই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ দল। অ্যান্টিগায় প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছিল সাকিব আল হাসানের দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে টি-টোয়োন্ট ও ওয়ানডে খেলবে টাইগাররা। আগামী ২ জুলাই ডমিনিকায় শুরু হবে প্রথম টি-টোয়োন্ট।

টেস্টে খারাপ হলেও সীমিত ওভারের দুই ফরম্যাটে উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ জিততে চায় বাংলাদেশ। খুদে সংস্করণে সিরিজ জয়ের মাধ্যমেই ক্যারিবিয়ানে নিজেদের দাপট দেখাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের টি-টোয়োন্ট অধিনায়ক সরাসরিই বলেছেন, তার টার্গেট সিরিজ জয়।

গতকাল সকাল ৮টার ফ্লাইটে দেশ ছেড়েছেন ৫ ক্রিকেটার। মাহমুদউল্লাহর সঙ্গে ছিলেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার। গতকাল সন্ধ্যায় শেষ ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ানের বিমানে চড়েছেন তাসকিন আহমেদ। রাত পৌনে ৮টায় ছিল তার ফ্লাইট।

ডমিনিকায় সিরিজের দুটি টি-টোয়োন্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়নায়। একই ভেন্যুতে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজও অনুষ্ঠিত হবে।

গতকাল দেশ ছাড়ার আগে বিমানবন্দরে টি-টোয়োন্ট সিরিজের টার্গেট জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আর ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’

ঘরের মাঠে উইন্ডিজরা বেশ শক্তিশালী। তবে সাদা বলের দুই ফরম্যাটে টাইগারদের উদ্দীপ্ত করছে চার বছর আগের স্মৃতি। ২০১৮ সালেও ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে হেরেছিল বাংলাদেশ দল। পরে মাশরাফির নেতৃত্বে ওয়ানডে ও সাকিবের অধিনায়কত্বে টি-টোয়োন্ট সিরিজ জিতেছিল টাইগাররা।

মাহমুদউল্লাহ এবারও সেই স্মৃতির পুনরাবৃত্তি দেখতে চান। গতকাল বিমানবন্দরে তিনি বলেছেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়োন্টতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’ ২০১৮ সালে ২-১ এ ওয়ানডে সিরিজ ও একই ব্যবধানে টি-টোয়োন্ট সিরিজে ক্যারিবিয়ানদের হারিয়েছিল বাংলাদেশ দল।

বিসিবি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে গতকাল টি-টোয়োন্ট অধিনায়ক মাহমুদউল্লাহ নিশ্চিত করলেন যে, টি-টোয়োন্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। স্পিনিং এই অলরাউন্ডারকে দলে নেওয়ার প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘আমার মনে হয়, মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফরম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টি-টোয়োন্ট দলটা ছিল ১৫ সদস্যের। ইনজুরির কারণে ইয়াসরি আলী রাব্বি, শহীদুল ইসলাম ও সাইফউদ্দিন ছিটকে গেছেন দল থেকে। তিন জনকে হারিয়ে দলটা এখন ১২ সদস্যের। তাই মিরাজ ও তাসকিনকে দলে নেওয়া হচ্ছে। জানা গেছে, এবাদতও প্রথমবারের মতো খুদে সংস্করণের দলে ডাক পাচ্ছেন।