সারিয়াকান্দি থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চাঁদাবাজি, ক্রসফায়ারের হুমকি ও মারপিটের অভিযোগে সারিয়াকান্দি থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সারিয়াকান্দির একজন ব্যবসায়ী। 

বৃহস্পতিবার (২৩ জুন) বগুড়ার সারিয়াকান্দি থানার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন আ.ক.ম হানযালা নামের এক কাপড় ব্যবসায়ী। (মামলা নং -১১২ সি/২০২২(সারিয়াকান্দি)। মামলার আসামিরা হলেন, সারিয়াকান্দি থানার ওসি মো. মিজানুর রহমান, এসআই মো. রবিউল করিম, এসআই মো. মাহবুব হাসান ও মো. রবিউল ইসলাম। 
আদালত অভিযোগ আমলে নিয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে (অর্থ) তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্ত প্রতিবেদন আগামী ধার্য তারিখে আদালতে জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে বাদির আইনজীবী জাকিউল আলম সোহেল জানান।

মামলার আরজিতে বলা হয়েছে, বাদী হানযালা ২১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সারিয়াকান্দিতে গোল্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে বসে নাস্তা করছিল্। ঐ সময় সারিয়াকান্দি থানার এসআই রবিউল করিম ও এসআই মাহবুব এসে তাকে আটক করে থানায় নিয়ে যান। থানায় নেওয়ার পর ওসি তাকে বলেন, ৩ লাখ টাকা না দেওয়ায় তাকে থানায় ধরে আনা হয়েছে। এ সময় প্রতিবাদ করলে এসআই রবিউল করিম ও এসআই মাহবুব ক্ষিপ্ত হয়ে তাকে থানা হাজতে আটকে রাখে। বাদী হানযালা বলেন, মধ্য রাতে তাকে হাজত থেকে বের করে চোখ বেধে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করা হয়। ঐ সময় ওসি মিজানুর রহমান বলেন, মারপিটের কথা প্রকাশ করলে তাকে ক্রসফায়ারে হত্যা করা হবে।

এ ব্যাপারে ওসি মিজানুর রহমান বলেন, মাদক মামলাসহ সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে হানযালাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আদালত দেখবে। আদালতের উপর তো কেউ নয়।