পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চবিতে আনন্দ শোভাযাত্রা 

পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

শনিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শহীদ মিনার ও জয় বাংলা চত্বর প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে এসে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সমস্ত প্রতিকূলতা ও ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সক্ষমতা দেখিয়েছেন। এই সেতু একদিকে যেমন পদ্মাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা দূর করবে অপরদিকে দেশের অর্থনীতিতে বিরাট একটি অবদান রাখবে। এতে করে একদিকে যেমন দেশ-বিদেশের শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়বে অন্যদিকে ওসব অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে,  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।