সুনামগঞ্জে বন্যার্তদের পাশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সুনামগঞ্জ সদর থানার কুরবান নগর ইউনিয়ন পরিষদের দুর্গম এলাকায় ৪নং ওয়ার্ডের ৩টি গ্রাম আমিরপুর, অচিন্তপুর, শেখেরগাও এবং ৬নং ওয়ার্ডের ৩টি গ্রাম নতুন ভ্রামন গাও, ভ্রামন গাও উত্তর এবং হাসানবসত গ্রামের প্রায় ৫২০ বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সহযোগিতা করেন সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ। তাদের সহযোগিতার মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। 

পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমন মানবিক কাজের ভূয়সী প্রসংশা করেন।

উল্লেখ্য যে, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট-সুনামগঞ্জসহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা। সুনামগঞ্জের বন্যার্ত মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। মানুষের বাঁচার তীব্র আকুতিতে সাড়া দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।