অস্ট্রেলিয়াকে ৩৫৩ রানের র্টাগেট দিল ভারত

শিখর ধাওয়ান, বিরাট কোহলির ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে বিশাল টার্গেট দিল ভারত। ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৫২ রান করে বিরাট কোহলির দল। ফলে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ৩৫৩ রান। 

এর আগে লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মাঠে নেমে ভালো শুরু করে ওপেনিং জুটি। শুরুতেই ২২৭ রানের জুটি গড়ে তোলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

এই জুটি ভাঙেন অস্ট্রেলিয়ার নাথান কোল্টার-নাইল। তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রোহিত শর্মা। তিনি ৭০ বলে ৫৭ রান করেন। ভারতের প্রথম উইকেটের পতন হয়।

এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। শেখর ধাওয়ানকে সঙ্গ দেন। শেষপর্যন্ত অনবদ্য এক ইনিংস খেলে বিদায় নেন শিখর ধাওয়ান। ১০৯ বলে ১১৭ রান করে মিশেল স্টার্কের বলে ক্যাচ দেন।

৩০০ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডে। তিনি ৪৮ রান করে প্যাট কামিন্সের বলে অ্যারন ফিঞ্চের হাতে ক্যাচ দেন। 

এ সময় দলকে আরো বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি তাকে সঙ্গ দিয়ে যান। কিন্তু শেষপর্যন্ত স্টয়নিসের বলে থামে ধোনির ইনিংস। তিনি ২৭ রান করে ক্যাচ দেন। 

এবার বিরাট কোহলির উইকেটটি তুলে নেন স্টয়নিস। ওয়ানডেতে পঞ্চাশতম ফিফটি পাওয়া কোহলি ফিরেন ৮২ রান করে। তিনি  কামিন্সের হাতে ক্যাচ দেন। বাকি রান আসে লোকেশ রাহুল ও কেদার জাদবের ব্যাট থেকে। তারা অপরাজিত থাকেন।  

এখন অস্ট্রেলিয়াকে জিততে হলে রেকর্ড ভাঙতে হবে। কারণ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি আয়ারল্যান্ডের দখলে। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ তাড়া করে জিতেছিল আয়ারল্যান্ড।

ইত্তেফাক/জেডএইচ