দেশীয় সফটওয়্যারের রফতানি বাজার সম্প্রসারণ, ব্র্যান্ডিং ও প্রমোশনের জন্য নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এর অংশ হিসেবে সংগঠনটি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও ভিয়েনা বাংলাদেশ মিশন ও স্থায়ী দূতাবাসের সহযোগিতায় ইউরোপের তিনটি দেশ— অস্ট্রিয়া, হাঙ্গেরি ও যুক্তরাজ্যে নানা আয়োজনে সরাসরি অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় ইউরোপে অনুষ্ঠিতব্য ফেস্টিভ্যাল অব সোর্সিংয়ের টাইটেল স্পন্সর ‘হেডলাইন পার্টনার’ হয়েছে বেসিস।
মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর কাওরান বাজারে বেসিস মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানায় বেসিস।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু, বেসিসের অ্যাডভাইজরি স্থায়ী কমিটির সভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি টি আই এম নুরুল কবীর প্রমুখ।
বেসিসের নতুন এই মাইলফলক সম্পর্কে জানিয়ে রাসেল টি আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ‘আইসিটি প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণাকে সামনে রেখে বেসিস অগ্রাধিকার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি বাড়াতে কাজ করছে। বেসিসের সদস্য কোম্পানি এখন ১ দশমিক ৪ বিলিয়ন ডলার রপ্তানি আয় করছে, সেটিকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং ও বিনিয়োগের এই লক্ষ্যকে সামনে রেখেই এবার আমরা ইউরোপের বাজারে তিনটি বৃহৎ অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রিয়া, হাঙ্গেরি, যুক্তরাজ্য এবং স্লোভাকিয়ার অন্তত ৩৫০টি কোম্পানির সামনে বেসিস থেকে ‘বাংলাদেশ: দ্য নেক্সট আইসিটি পাওয়ারহাউস’ নামক মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। যেখানে বাংলাদেশ ও বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা হবে। এ ছাড়া আমাদের সফলতার গল্পগুলো উপস্থাপন করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে এবং বেসিস সদস্য কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করা হবে। এ ছাড়া দেশগুলোর তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের নতুন নতুন অংশীদারত্ব তৈরি হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। আগামীতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা থাকবে।’
বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা বলেন, ‘শুধু ইউকে বা ইউরোপের বাজার নয়, বিশ্বের অন্যান্য বাজারগুলোতেও আমাদের সদস্য কোম্পানিগুলো সফলতার সাথে ব্যবসা করছে। এই সফলতাকে সামনে নিয়ে সব বাজার কীভাবে আরও সম্প্রসারণ করা যায়, সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণায় এবারের আয়োজনের অংশ হিসেবে আগামী ৩০ জুন অস্ট্রিয়াতে, ১ জুলাই হাঙ্গেরিতে এবং ২ থেকে ৬ জুলাই যুক্তরাজ্যে সফর করবেন বেসিস প্রতিনিধিদল। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে এই সফরে থাকছেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা ও সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান। যুক্তরাজ্যে অনুষ্ঠিত এ আয়োজনে আগামী ৫ জুলাই থেকে ৬ জুলাই গ্লোবাল সোর্সিং অ্যাসোসিয়েশনের একটি ফ্ল্যাগশিপ ইভেন্ট ফেস্টিভ্যাল অব সোর্সিং অনুষ্ঠিত হবে।