ইউক্রেনে ইন্টারনেট সেবা চালু রাখছেন ইলন মাস্ক

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪:১৮

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। গত শুক্রবার (১৪ অক্টোবর) ইউক্রেনে এই পরিষেবা চালু রাখতে অপারগতা জানানোর পর পেন্টাগন তার সঙ্গে আলোচনায় বসে। এরপর রোববার (১৬ অক্টোবর) সিদ্ধান্ত পরিবর্তন করেছেন টেসলার প্রধান ইলন মাস্ক। ফাইনাসিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে এক টুইটার পোস্টে মাস্ক জানান, যদিও স্টারলিংক এই মুহূর্তে লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে এবং অন্যান্য সংস্থা করদাতাদের কাছ থেকে কোটি কোটি মার্কিন ডলার পাচ্ছে, এরপরেও তারা ইউক্রেন সরকারকে বিনা মূল্যেই ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইলন মাস্ক

এরআগে মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স সেপ্টেম্বর মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে জানিয়েছে, তারা ইউক্রেনের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারবে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, স্টারলিংক তাদের মূল নেটওয়ার্কের জন্য অর্থায়নের বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

ইলন মাস্ক

রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের অনলাইন ব্যবস্থায় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানা গেছে। গত সপ্তাহে ইলন মাস্কের দেওয়া এক পরিসংখ্যান অনুযায়ী, স্পেসএক্স এ পর্যন্ত ইউক্রেনকে ২৫ হাজার 'গ্রাউন্ড টার্মিনাল' দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এরআগে টুইটারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অযাচিত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের অন্যান্য নাগরিকের নিন্দার শিকার হওয়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু ধারণা করা হচ্ছে পেন্টাগনের সঙ্গে আলোচনার পর ইলন মাস্ক তার সিদ্ধান্ত আবার পরিবর্তন করেন।

ইত্তেফাক/এএইচপি