পদ্মা সেতুর নাট খোলা সেই মেহেদী কারাগারে

পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করে ফেসবুকে পোস্ট দেওয়ায় মেহেদী হাসানের (২৫) বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানায় মামলাটি করেন এসআই নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক চন্দ্র দাশের আদালতে তুললে বিচারক কারাগারে নেওয়ার নির্দেশ দেন।

বাদী এসআই নজরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে আমি বাদী মামলা করেছি। সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক চন্দ্র দাশের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

মেহেদী ফেসবুকে ‘পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে’ মন্তব্য করে ভিডিও পোস্ট ও শেয়ার করার পর তা ভাইরাল হয়। পরে মাহাদী বাড়িতে না এসে পালিয়ে বেড়ায়। মাহাদী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামের মনির কাজীর বড় ছেলে। মনির কাজীর পৈত্রিক বাড়ি একই উপজেলার হাসাইলে।