রাজবাড়ীতে ভিক্টরকে দেখতে মানুষের ভিড়

উচ্চতায় প্রায় ৬ ফুট, লম্বায় ৭ ফুট, আর ওজন ৩০ মণ। বিশাল দেহের এই ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে ‘ভিক্টর’ । ষাঁড়টিকে এক নজর দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃষক ইউনুছ শেখের বাড়িতে। 

গত দুই বছর ধরে গরুটিকে লালন-পালন করছেন ইউনুছ শেখ ও তার স্ত্রী বুলু বেগম। এখন তারা ষাঁড়টি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

ষাঁড়ের মালিক ইউনুছ শেখ জানান, দুই বছর আগে ফরিদপুর সদর উপজেলার পরমানন্দপুর হাট থেকে ৮৭ হাজার টাকায় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কিনে আনেন তিনি। আদর করে নাম রাখেন ভিক্টর। খাবার হিসেবে খাওয়ানো হয় ভুট্টা, ছোলা, খেসারি, গমের ভূষই, খড়, ঘাসসহ বিভিন্ন ধরনের ফলমূল। কোরবানির ঈদকে সামনে রেখে তিনি ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা। 

ভিক্টরকে দেখতে মানুষের ভিড়।

তিনি আরও জানান, ভিক্টরকে খুব একটা ঘর থেকে বের করা হয় না। তবে কোরবানির ঈদকে সামনে রেখে এখন ঘর থেকে বের করা হচ্ছে। প্রতিদিনই আশপাশের এলাকা থেকে ভিক্টরকে একনজর দেখার জন্য অনেক মানুষ ভিড় করছেন। 

ইউনুছ শেখের স্ত্রী বুলু বেগম বলেন, ভিক্টরকে আমি নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। ওকে দিনে দুইবার গোসল করাতে হয়। গোয়াল ঘরটিও দুই বেলা পরিষ্কার করতে হয়।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দীন আহমেদ বলেন, কৃষক ইউনুছ শেখের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তাকে গরুটির চিকিৎসা ও খাদ্য তালিকাসহ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। ঈদে গরুটিকে বিক্রির ব্যাপারেও তাকে আমরা সহায়তা করবো।