লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় মেহেদি হাসান রুবেল (৩৫) ও ফয়েজ আহাম্মদ (২৪) নামে দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম গতকাল মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে এই রায় দেন।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এ সময় রুবেল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি ফয়েজ পলাতক রয়েছেন। এ মামলায় অভিযুক্ত মোহাম্মদ সাগর নামের অন্য জন বেকুসুর খালাস পান। দণ্ডাদেশপ্রাপ্ত রুবেল সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ফয়েজ একই এলাকার আব্দুল্লাহর ছেলে। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ আগস্ট রাতে আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের কাছে মোবাইল করে এ তথ্য জানান তিনি। এর কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন আলমগীরের গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।