চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডে ওয়াপদা গেইটে একটি দেশি টুটু বোর পিস্তলসহ চার জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে স্থানীয় মোরশেদের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মো. মামুন (২৪), এমরান হোসেন বাবলু (২২), মো. রুবেল হোসেন ওরফে রুবেল (১৯) ও মো. বাদশা (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম গতকাল মঙ্গলবার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি টুটু বোর পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।