কুমিল্লায় ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ৬ ঘণ্টায় জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার যেখানে কিশোর বয়সী বখাটে ও মাদকসেবীদের উৎপাত রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
বিশেষ অভিযানে মোট আটক ৬৮৫৭
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বলেন, অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৫৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশিষ্ট ১৪০ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়। সেই থেকে বিভিন্ন সময়ে চলমান অভিযানে বুধবার মধ্যরাত পর্যন্ত ৬ হাজার ৮৫৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মুচলেকায় ছাড়া পেয়েছে ৩ হাজার ৯৬৪ জন এবং ২ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।
