ঈদ রসনায় হাঁড়ি কাবাব 

কোরবানির ঈদে সবাই চায় গরুর কিংবা খাসির মাংসের নানা পদে অতিথি আপ্যায়ন করতে। ঈদে তৈরি করতে পারেন হাঁড়ি কাবাব। পরোটা, রুটি, পোলাও, খিচুড়ি এমনকি গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় এ কাবাব। ঈদ রসনায় হাঁড়ি কাবাবে তৃপ্তির রেসিপি জানাচ্ছেন তাসনিয়া রহমান সৃষ্টি 

প্রয়োজনীয় উপকরণ 

  • গরুর রানের পেছনের চাকা অংশ ১/২ কেজি 
  • পেঁয়াজ কুঁচি ১ কাপ
  • পেঁয়াজ বেরেস্তা বাটা ২ টেবিল চামচ 
  • আদা বাটা ১ টেবিল চামচ
  •  রসুন বাটা ১ টেবিল চামচ
  •  ধনে বাটা ১ টেবিল চামচ 
  • কাবাব মসলা বাটা ১ টেবিল চামচ
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ, সাদা গোল মরিচ টেলে গুঁড়া করা ২ টেবিল চামচ   
  • মরিচের গুঁড়া ২ চা চামচ 
  • জায়ফল ও জয়ত্রী গুঁড়া ১/২ চা চামচ
  • টক দই ১/৪ কাপ 
  • ঘি ২ টেবিল চামচ 
  • সরিষার তেল ২ টেবিল চামচ 
  • লেবুর রস ১ টেবিল চামচ 
  • লবণ ও চিনি স্বাদমতো 

হাঁড়ি কাবাব

প্রস্তুত প্রণালী
প্রথমে মাংস ১ ইঞ্চি পুরু করে কিউব আকারে কেটে ভালো করে ছেঁচে নিতে হবে। এবার টক দই ও গুঁড়া মসলা মেখে তিন ঘণ্টা মেরেনেট করে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল ও ঘি গরম করে পেঁয়াচ কুঁচি বাদামি করে ভেজে মাংস ঢেলে ভালো করে কষিয়ে নিতে হবে। আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। কারণ মাংস থেকে যে পানি ওঠবে ওইটুকু পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এরপর যখন সিদ্ধ হয়ে যাবে তখন বেরেস্তো বাটা, জায়ফল-জয়ত্রী গুঁড়া, লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে পছন্দমতো পরিবশেন করতে হবে।