বর্ষায় যত্নে রাখুন ক্যামেরা

ফটোগ্রাফির শখ যাদের আছে তারা ভালোমতোই জানেন ক্যামেরার যত্ন নেওয়া কতটা জরুরি। ক্যামেরা লেন্সকে সবসময় শুষ্ক পরিবেশে রাখতে হয়। কিন্তু বর্ষায় এমন কাজ কিছুটা হলেও কঠিন। কারণ ফাঙ্গাস ক্যামেরা লেন্স ও ক্যামেরার ক্ষতি করে।  

একবার অবস্থাটা ভেবে দেখুন। ছবি তুলতে গেলেন আর হুট করেই বৃষ্টি। এই বৃষ্টিতে ক্যামেরা রক্ষার অনেক চেষ্টাই করলেন কিন্তু দেখলেন লেন্স ঝাপসা হয়ে গেছে। নাহয় বৃষ্টির ফোটা অসতর্কভাবে লেগে দাগ পড়ে গেছে। তাই এই বর্ষায় অন্তত কিছু বিষয় মাথায় রাখতেই হবে। সেজন্যেই রইলো কিছু পরামর্শ:   

ক্যামেরা পরিষ্কার করার জন্যে ভালো ওয়াইপিং ক্লথ রাখুন

  • ক্যামেরার জন্যে একটি আলাদা ব্যাগ রাখবেন অবশ্যই। তবে বাজারে পাওয়া যেকোনো ব্যাগ নেয়ার চেয়ে ওয়াটারপ্রুফ ব্যাগ কিনে নেওয়া ভাল। 
  • ব্যাগের ভেতর সিলিকা জেল রাখুন। সিলিকা জেলের সঙ্গে আপনি বেশ পরিচিত। কখনো যদি ট্যাং বা ঔষধ কিনে থাকেন তাহলে একটা ছোট প্যাকেট দেখে থাকবেন। তার ভেতর ছোট ছোট কিছু দ্রব্য থাকে। এদেরকেই সিলিকা জেল বলে। এই রাসায়নিক উপাদান ইলেকট্রনিক যন্ত্রপাতির জন্য নিরাপদ। শুধু তাই নয়, সিলিকা জেল খুব সহজেই ক্যামেরার ভেতরের আর্দ্রতা শুষে নেয়।
  • বর্ষায় পোকামাকড়ের উপদ্রবও নেহাত কম না। এক্ষেত্রে ব্যাগে ন্যাপথালিন রাখতে পারেন। অথবা ব্যাগের বাইরে ইনসেক্টিসাইড স্প্রে করতে পারেন।
  • ক্যামেরা পরিষ্কার করার জন্যে ভালো ওয়াইপিং ক্লথ রাখুন। কারণ বর্ষাতেও ধুলোবালি জমে ক্যামেরা লেন্সের ক্ষতি করতে পারে।
  • বৃষ্টিতেও অনেক চমৎকার ছবি তোলা যায়। সেক্ষেত্রে রেইন প্রটেক্টর ব্যবহার করুন।
  • অসতর্কতাবশত যদিওবা কাঁচে দাগ পড়ে, গ্লাস সলিউশান দিয়ে তা পরিষ্কার করুন। তুলোতে সলিউশন লাগিয়ে যত্নের সাথে কাঁচের দাগ দূর করা যায়।