ঈদে বাসনকোসন পরিষ্কারের কৌশল 

ঈদে অতিথি আপ্যায়নের সঙ্গে থাকে নিজেদের জন্যও বিশেষ বিশেষ সব খাবারের আয়োজন। করোনাকালের এই সময়টাতে বাসনকোসন জীবাণুমুক্ত রাখা খুব দরকার। আর প্রত্যেকবার খাবার খাওয়ার পর রান্নাঘরে জমবে ময়লা থালাবাসনের স্তুপ। এগুলো পরিষ্কার করাটা মোটেও সহজ কাজ নয়। তবে আগে থেকেই কিছু পদ্ধতি জেনে রাখলে ঈদের দিন খুব সহজেই বাসনকোসন পরিষ্কারের ঝামেলাটা এড়ানো সম্ভব। 

  • সিংকের পানি যেন নোংরা না হয় সেজন্য আগেভাগেই ক্রোকারিজ ও ডিশে লেগে থাকা ময়লা সরিয়ে ফেলতে হবে। 
  • সিংকে ধোয়ার জন্য ব্যবহৃত ক্রোকারিজ সাজিয়ে রেখে তার ওপর পানি ছিটিয়ে দিতে হবে অথবা সিংকে খানিকটা পানি জমিয়ে ভিজিয়ে রাখতে হবে। কারণ শুকনো খাদ্যকণা, চর্বি সহজে উঠতে চায় না। 

খুব চর্বিযুক্ত ক্রোকারিজ ধোয়ার দরকার হয়, তবে পানির তাপমাত্রা দরকার ৩০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস

  • নোংরা বাসন পরিষ্কারের জন্য নির্দিষ্ট তাপমাত্রার পানি প্রয়োজন। যদি খুব চর্বিযুক্ত ক্রোকারিজ ধোয়ার দরকার হয়, তবে পানির তাপমাত্রা দরকার ৩০ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে হাত তেতে উঠলে রাবার গ্লাভস ব্যবহার করা যেতে পারে।
  • গরম পানির ব্যবহার করলে তেল, ময়লা, চর্বি সহজে উঠে যায়। পাশাপাশি বাসনকোসন সহজে স্থায়ী দাগ পড়ার আশঙ্কা থাকে না। শুধু তাই নয়, গরম পানিতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয় দ্রুত। 
  • হাঁড়ি-পাতিল পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন স্টিলের উল। এতে ময়লা সহজে ঘষে তোলা সম্ভব হবে। তবে অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল, সসপ্যান ননস্টিক প্যান ধোয়ার সময় স্টিলের উল ব্যবহার করবেন না।
  • স্পঞ্জ বা স্ক্রাবার দিয়ে কোমলভাবে ময়লা পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিন। এছাড়া ডিশ ওয়াশিং লিক্যুইডও ব্যবহার করা যেতে পারে। 

হাঁড়ি-পাতিল পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন স্টিলের উল। এতে ময়লা সহজে ঘষে তোলা সম্ভব হবে

  • ময়লা বাসনকোসন ধোয়ার সময় কখনই ছাই বা সাধারণ সাবান ব্যবহার না করে বাজারে পাওয়া যাওয়া তরল পরিষ্কারক ব্যবহার করুন কিংবা ডিসওয়াস বার। 
  • ধোয়ার পরপরই বাসন আলমারিতে উঠিয়ে না রেখে বরং কিছুক্ষণের জন্য কোথাও একটার ওপর আরেকটা উপুড় করে রেখে দিন। এতে বাসনে লেগে থাকা পানি ঝরে যাবে।
  • পানি সম্পূর্ণ ঝরে গেলে একটি সুতি ন্যাকড়া কাপড় দিয়ে ভালোভাবে মুছে উঠিয়ে রাখুন। বাসনে দুই বা এক ফোঁটা পানি লেগে থাকলেও সেটার দাগ বাসনে ফুটে থাকবে। তাই তুলে রাখার আগে অবশ্যই মুছে নিন।
  • সিরামিকের বাসনের ক্ষেত্রে খুব ভালো মতো ডিসওয়াস বার কিংবা তরল পরিষ্কারক দিয়ে পরিষ্কার করতে হবে। কোনোভাবে যদি তেল-চর্বির হলদে দাগ থেকে যায়, তাহলে পরে এই দাগ উঠাতে বেশ বেগ পেতে হবে। স্টিলের বাসনকোসনের বেলাতেও ভেজা বাসন আগে শুকিয়ে নিয়ে তারপর মুছে নিন। 

করোনাকালের এই সময়টাতে বাসনকোসন জীবাণুমুক্ত রাখা খুব দরকার

  • খাওয়ার পর চামচ সঙ্গে সঙ্গে হালকা গরম পানিতে লিক্যুইড সাবান মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। 
  • অনেকে শখ করে সিলভার বা গোল্ডেন কাটলারি কিনে তুলে রাখেন। দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখলে রং নষ্ট হয়ে যায়। তাই মাঝেমধ্যে পলিশ করালে অনেকদিন ভালো থাকবে।
  • সিলভারের কাটলারি খোলা জায়গায় রাখবেন না। এতে রং কালো হয়ে যেতে পারে। কাটলারি পরিষ্কার করে নিন। কারণ খাবারে ব্যবহার করা লবণ, ভিনেগার ইত্যাদি কাটালারি ড্যামেজ করে দিতে পারে। আর কাটলারিতে স্টিলের মাজুনি ব্যবহার করবেন না। এতে দাগ বসে গিয়ে চাকচিক্য নষ্ট হয়ে যাবে।