ঈদে বার-বি-কিউ ল্যাম্ব লেগ রোস্ট

কোরবানীর ঈদ আসলেই খাওয়াদাওয়ার পরিমাণ কমবেশি সবারই বেড়ে যায়। বাড়ির গৃহিণীরা পরিবারের প্রিয় মানুষদের জন্য প্রচলিত খাবারের বাইরেও তৈরি করেন ভিন্ন স্বাদের কিছু মেন্যু। এবারের ঈদে তৈরি করতে পারেন বার-বি-কিউ ল্যাম্ব লেগ রোস্ট। রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি

প্রয়োজনীয় উপকরণ

লেগ রোস্টের জন্য 

  • খাসির রান ১ টি  (১কেজি)
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • সয়াসস ১ টেবিল চামচ
  • আনারসের রস ৩ টেবিল চামচ
  • সিরকা ৩ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • বাটার ৩/৪ টেবিল চামচ
  • পানি পরিমাণমতো
  • লবণ স্বাদমতো

বারবিকিউ সসের জন্য

  • তেঁতুলের কাথ ১ কাপ
  • ফিস সস ১/৪ কাপ
  • ওয়েস্টার সস ১ টেবিল চামচ
  • অলিভ অয়েল ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১/৪ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • তেল পরিমাণমতো
  • আখের গুড় ১ টেবিল চামচ
  • চিলি ফ্লেক্স ২ চা চামচ
  • টমেটো সস ৩ টেবিল চামচ
  • চিলি সস ৩ টেবিল চামচ

বার-বি-কিউ ল্যাম্ব লেগ রোস্ট

প্রস্তুত প্রনালী
খাসির রানের চর্বি ও পর্দা ফেলে থাই ও রানের গাটের জায়গায় একটু চিরে নিতে হবে যাতে চুলায় দিলে রানটা ছড়িয়ে না যায়। এবার কাটা চামচ দিয়ে ভালো করে কেঁচে নিন। এরপর তাতে আদা-রসুন বাটা, সয়াসস, সিরকা, মরিচ গুঁড়া, আনারসের রস এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে ১/২ ঘন্টা সিদ্ধ করে পানি শূন্য করে নিবেন। তারপর সিদ্ধ হলে খাসির রানে বাটার ব্রাশ করে গ্রিলারে গ্রিল করুন অথবা গ্রিলার পাত্রে ভেজে নিন। এ পর্যায়ে পরিবেশন পাত্রে তুলে রেখে ছুরি দিয়ে রানের গায়ে একটু চিরে চিরে রাখুন যাতে সস দিলে খুব ভালো করে মাংসের ভেতর ঢুকে যায়। বার-বি-কিউ সসের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে একটু ঘন করে ভেজে রাখা লেগ রোস্টার উপর ঢেলে পছন্দমতো গ্রীল্ড সবজির সাথে পরিবেশন করুন।