গরুর মাংস কম সময়ে সেদ্ধ করার কৌশল 

ঈদুল আজহায় গরু কোরবানি হয় তুলনামূলক বেশি। ঈদের দিন থেকে পরের কয়েকদিন মাংস রান্না হয় কমবেশি সব মুসলমানের বাড়িতে। কিন্তু অনেক সময় গরুর মাংস সেদ্ধ করা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। জেনে নিন গরুর মাংস কম সময়ে সেদ্ধ করার কৌশলগুলো। 

চুলার আঁচ বাড়িয়ে দিলেই কিন্তু মাংস দ্রুত সেদ্ধ হবে না। উল্টো মাত্রাতিরিক্ত তাপের কারণে মাংসে থাকা প্রোটিন জমে মাংস শক্ত হয়ে যেতে পারে। অন্যদিকে ব্যস্ততা এবং গরমে রান্নাঘরের কাজ দ্রুত শেষ করার জন্য অনেকে প্রেসার কুকারে মাংস রান্না করেন। এতেও মাংসের প্রকৃত স্বাদ কমে যায়। 

  • গরুর মাংস রান্নার সময় কাঁচা পেঁপে সঙ্গে দিয়ে দিবেন। চাইলে কাঁচা পেঁপে বাটাও দিতে পারেন। এতে মাংস দ্রুত সেদ্ধ হবে। স্বাদও থাকবে অটুুট।  
  • চিনি ব্যবহার করতে পারেন গরুর মাংস রান্নার সময়। রান্নার শুরুর দশ মিনিট পর সামান্য চিনি মিশিয়ে দিবেন রান্নার সঙ্গে। এর ফলে মাংস দ্রুত সেদ্ধ হবে। 
  • অনেকেরই হয়তো অজানা যে, মাংস রান্নার সময় সুপারি ব্যবহার করলে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে সুপারি বড় টুকরা দিবেন। যাতে রান্না শেষে তুলে ফেলতে পারেন। ভুলেও কাঁচা সুপারি বা কুঁচি করা সুপারি দিবেন না। এতে মাংস নষ্ট হয়ে যতে পারে। 
  • গরুর মাংস রান্নার সময় তামার পয়সা ব্যবহার করলে মাংস দ্রুত সেদ্ধ হতে পারে। এটি প্রাচীন পদ্ধতি। সাধারণত গ্রাম অঞ্চলে জেয়াফতে প্রচুর পরিমাণে গরু বা মহিষের মাংস রান্নার সময় তামার পয়সা ব্যবহার করা হতো। রান্নার পর তুলে  রাখা হতো পয়সা। যদিও এখন তামার পয়সা নেই বললেই চলে।