খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মোহাম্মদ রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ( ৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর হরিণটানা থানার হোগলাডাঙ্গা মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। নিহত রাজু রূপসা উপজেলার আলিমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজু নগরীর কৈয়াবাজার থেকে খুলনা মহানগরীর দিকে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় আঘাত করে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হরিণটানা থানার ওসি এমদাদুল হক বলেন, নিহত রাজুর মাথায় হেলমেট ছিল না। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাতে তিনি মারা যান।