যশোরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের কাছে নিজ বাড়ির সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন বদিউজ্জামান। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, যুবদলের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের খবরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ফিরোজ কবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান শুরু করেছে।