সারিয়াকান্দিতে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড়

ঈদের দিন বিকেল থেকেই সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েন, হার্ডপয়েন্ট, পারডেবডাঙ্গা ফিশপাস রেগুরেটর ও রৌহাদহ স্পারে ভ্রমণপিপাসু হাজার হাজার মানুষের বাঁধভাঙ্গা ঢল নেমেছে। যমুনার ভাঙ্গন রোধে নির্মিত ঐ স্থাপনাগুলো ক্রমে এখন ভ্রমণপিপাসু মানুষের জন্য আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। 

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূরদূরান্ত থেকে বাস, ট্রাক, অটোরিকশা, ভটভটি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে লোকজন যমুনার পাড়ে ঐ স্থাপনাগুলোতে এসে ভিড় জমাচ্ছে। নানা বয়সী, নানা ব্যাসের নারী পুরুষ যমুনার পাড়ে প্রকৃতির কোলে উদাস মুক্ত হাওয়ায় ভ্রমণ করছেন। যমুনার স্বচ্ছ জলরাশি, বালুচর, ওপারে দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে ঘন সবুজ ফসল, চরগ্রামের মানুষের জীবন, ঘাটে বাধা সারি সারি নৌকার মাঝি-মাল্লাদের হাঁকডাক, নদীতে জাল ফেলে জেলেদের মাছ ধরার দৃশ্য সবই তারা নয়ন ভরে উপভোগ করছে।   

গাবতলী উপজেলার নেপালতলী গ্রামের ইমরান আলী বিকেলে পরিবার নিয়ে কালিতলা গ্রোয়েনে এসেছেন ঘুরতে। তিনি জানালেন, চমৎকার নদী পাড়ের দৃশ্য। ভালো লাগছে এখানে ঘুরতে এসে। 

জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা ব্যবসায়ী স্বপরিবারে এসেছেন হার্ডপয়েন্টে ঘাটে ঘুরতে। তিনি জানান, অনেক সুন্দর জায়গা। প্রবাহমান নদীর স্রোতে, ওপারে জেগে ওঠা চরে সবুজের সমারোহ অনেক  ভালো লেগেছে। আমি আবার এখানে বেড়াতে আসব। সান্তাহার থেকে এসেছেন কলেজ শিক্ষক জেসমিন আক্তার। তিনি জানান, অনেক লোকজনের ভিড় এবং প্রচণ্ড গরমে খুব একটা বেড়াতে পারলাম না। শীতে আবার আসব।