মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: উপজেলা চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকোট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ নম্বর আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৯ জুলাই দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা ঐ সময় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট করে এবং এতে তারা আহত হন। পরবর্তী সময়ে ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।