ফুলজোড়া খালের ব্রিজের নির্মাণকাজ ১ বছর ধরে বন্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল-অলিপুর আঞ্চলিক সড়কের ফুলজোড়া খালের ওপরে নির্মাণাধীন ব্রিজের কাজ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। অজ্ঞাত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্রিজের কাজ বন্ধ রেখেছে। এতে জনগুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের অক্টোবর মাসে ব্রিজের নির্মাণকাজ শুরু করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিজের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পর অজ্ঞাত কারণে ২০২১ সালের মাঝামাঝি নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার ও প্রবীণ শিক্ষক শহিদুল ইসলাম বুলবুলসহ অনেকেই বলেন, এলাকাবাসীর দাবিতে ঐ খালের ওপর ৫৪ মিটার লম্বা এ সড়ক ব্রিজের নির্মাণকাজ শুরু করা হয়। অজ্ঞাত কারণে ঐ ব্রিজের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘদিন ধরে। যথাসময়ে ঐ ব্রিজের কাজ বাস্তবায়ন না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকায় এবং গ্রীষ্ম মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় এক বছর ধরে ঐ ব্রিজ নির্মাণকাজ বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিলেও সাড়া পাওয়া যাচ্ছে না। এদিকে এলজিইডির সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ঐ ব্রিজের নির্মাণকাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শেষবারের মতো চিঠি দেওয়া হয়েছে। এ চিঠির আলোকে ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শুরু না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’