ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সেলফি তুলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৫ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ তারিকুজ্জামান সানি বুয়েটের আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন উর রশিদের ছেলে। তিনি ঢাকার হাজারীবাগে থাকতেন।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল দোহারের মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধ্যার পরে তারা পদ্মানদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলো। হঠাৎ কেউ একজন পানিতে পরে যাওয়ার শব্দ পায় তারা। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ডুবরি দল উদ্ধার কার্যক্রম চালায়।