সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত কুমার মোদীর সঙ্গে তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এ নিয়ে কথা বলেছেন সুস্মিতার প্রাক্তন প্রেমিক মডেল রোহমান শল।
গত ডিসেম্বরে ১৫ বছরের ছোট রোহমান শোলের সঙ্গে ব্রেকআপের বিষয়টি জানান সুস্মিতা। ললিত মোদীর সঙ্গে প্রাক্তন প্রেমিকার প্রেম নিয়ে প্রশ্ন করা হলে রোহমান বলেন, ‘তাদের এখন সুখে থাকতে দিন। ভালোবাসা সবসময়ই সুন্দর। আমি শুধু এতটুকুই জানি, সুস্মিতা যখন কাউকে পছন্দ করেছে, অবশ্যই তিনি তাকে পাওয়ার যোগ্য।’
একটি ফ্যাশন শো অনুষ্ঠানে রোহমান শলের সঙ্গে সুস্মিতার পরিচয় হয়। এরপর পরস্পরের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এ জুটি বিয়ের পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তাদের বাগদানের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। পরবর্তী সময়ে ব্রেকআপের কথা জানান তারা।
১৪ জুলাই মাইক্রোব্লগিং সাইট টুইটে সুস্মিতা সেনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেন ললিত মোদী। দু’জনের ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে, আর অর্ধাঙ্গী সুস্মিতাকে নিয়ে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি।’
পরে তাদের বিয়ের খবর চাউর হলে দ্বিতীয় টুইটে ললিত মোদী লেখেন, ‘বিয়ে নয়, প্রেমের সম্পর্কে রয়েছি। তবে একদিন বিয়ের বাঁধনেও বাঁধা পড়বো।’