তামিমের পর একসঙ্গে ফিরলেন লিটন-আফিফ

প্রথম ওয়ানডেতে ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর ২৫ বলে ৩৩ রান করে রানআউটের ফাঁদে পড়েন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল করেননি। ১০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অপরাজিত থাকেন ৫০ রানে। আজ তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ অধিনায়ক খেলছিলেন দুর্দান্ত। কিন্তু দুর্ভাগ্য!

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল। দলীয় ২০ রানের সময় বিদায় নেন শান্ত। আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ১ রান।

এরপর লিটন দাসকে সঙ্গে জুটি গড়ে তোলেন তামিম। দুজনের জুটি দাঁড়ায় ৫০ রানে। তামিম ৩৪ রানে ব্যাট করছিলেন। এরপরই যেন হঠাৎ ধৈর্য্য হারা হন টাইগার দলনেতা। মোতিকে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে আকিল হোসাইনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলের রান তখন ৭০। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে জয়ের পথে আগাতে থাকেন লিটন দাস। কিন্তু জয়ের পথ দেখাতে গিয়েও ছিটকে গেছেন লিটন। ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৬ষ্ঠ অর্ধশতকের পর প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। করেছেন ৬৫ বলে ৫০ রান।

নিজের বলে নিজেই ক্যাচ ধরেছেন মোতি। এক বল পর আবারও মোতির উল্লাস। এবার তার শিকার মাত্রই ক্রিজে আসা আফিফ হোসেন। রানের খাতা খোলার আগেই সরাসরি বোল্ড হয়েছেন আফিফ। ৯৬ রানেই ৪ উইকেটের পতন।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান। রিয়াদ ৮ ও মোসাদ্দেক হোসেন সৈকত শূন্য রানে অপরাজিত। জয়ের জন্য দরকার আরও ৮৩ রান।