দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে ‘ফুলবাড়ীতে পরিবহনে নেওয়া হচ্ছে ৭০০ টাকার ভাড়া ১৫০০’ শীর্ষক প্রতিবেদনটি শনিবার (১৬ জুলাই) দুপুরে প্রকাশিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তপক্ষের নজরে আসে।
এতে উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী শহরের দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া অবৈধভাবে আদায়ের সত্যতা পাওয়ায় তিনটি পরিবহনের কাউন্টার ম্যানেজারকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী পরিবহনের মধ্যে শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার ম্যানেজারকে ৫ হাজার, রাহবার পরিবহন কাউন্টার মাস্টারকে ৩ হাজার এবং মা এন্টারপ্রাইজ কাউন্টার ম্যানেজারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কাউন্টার ম্যানেজারসহ সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, ‘দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনে ফুরবাড়ীতে যাত্রীদের কাছ থেকে পরিবহনে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে এমন একটি সংবাদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নজরে আসলে তার নির্দেশক্রমে ফুলবাড়ীতে পরিবহন কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় তিন কাউন্টার ম্যানেজারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে ফুলবাড়ী থানার পুলিশ সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।’