পাটগ্রামের ঘরে ঘরে জ্বর-সর্দি

লালমনিরহাটের পাটগ্রামে ঘরে ঘরে জ্বর-সর্দির প্রকোপ দেখা দিয়েছে। এক জনের জ্বর হলে একে একে পরিবারের সবার জ্বর হচ্ছে। সারতেও সময় লাগছে। অন্যদিকে সম্প্রতি জ্বর ও অন্যান্য রোগের ওষুধের দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ।

পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙা এলাকার গৃহিণী এলিনা বেগম বলেন, আমার মেয়ে রাদিয়া মনি (৮) গত দুই দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছে। থেমে থেমে জ্বর আসে, হাঁচি-কাশি ও মাথা শরীরে ব্যথা হচ্ছে। আশপাশে প্রায় প্রতিটি বাড়িতে কারো না কারো জ্বর ধরেছে। বাজারে এসে শুনি জ্বরের ওষুধের দাম বেড়েছে। উপায় নাই, তাই বাধ্য হয়ে ওষুধ কিনতে হচ্ছে।

পাটগ্রাম পৌর শহরের শিকদার ফার্মেসির স্বত্বাধিকারী লিয়াকত শিকদার জানান, বাজারে ওষুধের সংকট দেখা দিয়েছে। ওষুধ কোম্পানিগুলো প্যারাসিটামল জাতীয় ওষুধের সরবরাহ বন্ধ রেখেছে।

বিক্রয় প্রতিনিধিরা বলছেন, দাম বাড়ানোর পর বাজারে এসব ওষুধ পর্যাপ্ত পাওয়া যাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মৌসুমী জ্বর হচ্ছে। এতে ভয়ের কোনো কারণ নেই। নিয়মিত ওষুধ সেবন করলে একটা সময়ে জ্বর সেরে যাচ্ছে। এছাড়া গত এক মাসে আমাদের উপজেলায় কোনো কোভিড রোগী শনাক্ত হয়নি।