ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা কঠিনই ছিল বাংলাদেশ দলের জন্য। শুরুতেই টেস্ট ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হয়েছিল সফরকারী দল। সেই ব্যর্থতা ভুলে তামিম ইকবালের নেতৃত্বে ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। সফরের শেষটা তাই ভালোই হয়েছে। সফর শেষে বাংলাদেশ দল কয়েক ভাগে ক্যারিবিয়ান থেকে দেশে ফিরছে।
তবে এখনই সতীর্থদের সঙ্গে ঢাকায় ফিরছেন না তামিম। বিসিবি সূত্রে জানা গেছে, ক্যারিবিয়ান থেকে লন্ডনে এসে কিছুদিন ছুটি কাটাবেন তিনি। তারপর দেশে ফিরবেন। ইতিমধ্যে সন্তানসহ লন্ডনে পৌঁছে গেছেন তামিমের স্ত্রী।
তাই তামিমকে ছাড়াই বাংলাদেশ দলের ক্রিকেটাররা দুই ভাগে ঢাকায় আসছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে লন্ডনে আসবে পুরো দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, আগামীকাল বুধবার বিকাল ৫টায় ক্রিকেটারদের প্রথম বহর দেশে আসবে। পরদিন একই সময়ে ফিরবেন দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা।