ছুটি শেষে সিকৃবি খুলেছে আজ

পবিত্র ঈদ-উল-আজহার ছুটি শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) খুলেছে আজ। মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ ক্লাস ও কর্মক্ষেত্রে ফিরেছেন। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে আবার। 

জানা যায়, গত ৩ জুলাই থেকে ১৬ দিনের ছুটি শেষে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় খোলার ১ম দিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। 

প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের উৎফুল্ল রাখতে ভূমিকা পালন করে। এছাড়া তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অন্যান্য কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান,ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড ও অন্যান্যরা। 

উল্লেখ্য, সিলেটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে গত ১৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের  ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া স্থগিত পরীক্ষাগুলো সংশোধিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।