মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। কারণ হিসেবে জানিয়েছেন, একই সঙ্গে তিন ফরম্যাট খেলা তার জন্য চাপ হয়ে যাচ্ছে। কোথাও নিজের শতভাগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়েই একটি ফরম্যাট ছাড়তে হলো।
এদিকে, স্টোকসের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্ব। এত অল্প বয়সে একজন খেলোয়াড়ের নির্দিষ্ট একটি ফরম্যাট ছেড়ে দেওয়ায় অবাক সবাই। পাশাপাশি এর দায় আইসিসিকে দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি আইসিসির বিভিন্ন ইভেন্ট এবং ফ্রাঞ্জাইজি লিগের কারণে এখন একজন ক্রিকেটারের ওপর অনেক চাপ পড়ছে।
এই যেমন বর্তমানে আন্তর্জাতিক সূচিতে এত বেশি ব্যস্ততা যে, কয়েকদিন আগে ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দল একই সময়ে ভিন্ন দুটি দেশের বিপক্ষে ম্যাচ খেলেছে। ভারতেরও একই অবস্থা। তাদের একটি দল খেলেছে আয়ারল্যান্ডে ও আরেকটি ইংল্যান্ডে। এর বাইরে প্রতি ম্যাচে কাউকে না কাউকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে। যা মোটেই পছন্দ হচ্ছে না ইংলিশ টেস্ট অধিনায়কের।
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল প্রোগ্রামে বেন স্টোকস বলেন, ‘আমি সবসময়ই দলে নিজের শতভাগ দিয়ে অবদান রাখতে চাই। তবে আমরা গাড়ি নই, যেটিতে আপনি পেট্রল ঢেলে চালানো শুরু করবেন। এর প্রভাব পড়ে, খেলা, ভ্রমণও যোগ করতে হবে। আমি আগেও বলেছি, এই মুহূর্তে খেলার সূচি অনেক বেশি। যা একজন খেলোয়াড়কে মাঠে তার সেরাটা দিতে বাধা দেয়।’
তিনি আরও বলেন, ‘দলগুলো তাদের স্কোয়াডের দিকে নজর দেয় এবং খুঁজে দেখে কাকে কখন বিশ্রাম দেওয়া যাবে। যদি আপনি সেরাটা পেতে চান, তাহলে সম্ভাব্য সেরা খেলোয়াড়টিকে আপনার সেখানে লাগবে। যদি দল এবং সংস্থাগুলো মনে করে একজন খেলোয়াড়কে নির্দিষ্ট একটি ফরম্যাটে বিশ্রাম দেওয়া যায়, তখন এটা ভালো দেখায় না বলেই মনে করি।’