খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভেঙে যাওয়া বেড়িবাঁধ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করেছে এলাকাবাসী। কয়েক হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ঘরবাড়ি, জমির ফসল, মাছের ঘের রক্ষায় একযোগে এ বাঁধ সংস্কার করেন।
সোমবার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে এলাকাবাসী রিংবাঁধের সংস্কারকাজ সম্পন্ন করেন। কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রায় ৩ হাজার মানুষ ভেঙে যাওয়া ৩০০ মিটার বাঁধ হাতে হাত মিলিয়ে প্রাণপণ চেষ্টা করে জোয়ার আসার আগেই বাঁধটি সংস্কার করেছেন। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ কাজে কিছু বস্তা দিয়েছে।
উল্লেখ্য, রবিবার ভোরে কপোতাক্ষ নদের ভাটির টানে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (১৪/১) বোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পাঁচ গ্রামের প্রায় ৭-৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়িসহ ২ হাজার বিঘা মৎস্য ঘের।
সেদিন স্হানীয়রা স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের চেষ্টা চালালেও দুপুরে জোয়ারের প্রবল স্রোতে দ্রুত পানি লোকালয়ে প্রবেশ করে। কিন্তু সোমবার তারা সেই বাঁধ সংস্কার করতে সক্ষম হয়।