ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জায়েদুর রহমানকে হত্যা মামলায় কারাগারে প্রেরণ করেছে আদালত। উচ্চ আদালত থেকে নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার (২১ জুলাই) ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে তিনি হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
জানা যায়, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসূন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, জায়েদুর রহমান উচ্চ-আদালতের নির্দেশে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ২ জুন সন্ধ্যার পর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে খাট তৈরি করা নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গুরুতর আহত আবুল কালামকে (৫৫) গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর দিন নিহতের ভাতিজা শেখ হালিম বাদী হয়ে গৌরীপুর থানায় অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমানসহ ২৩ জন ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।