কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যা, আটক ১

কিশোরগঞ্জে রোকসানা আক্তার (৩০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব হারুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রোকসানা ঐ এলাকার তাইজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে মামুন (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মামুন হারুয়া ক্লাসিক গলির ড্রাইভার সোহরাবের পুত্র। মামুন সম্পর্কে তাইজুলের ভাগ্নে। 
 
পুলিশ জানায়, রোকসানা দুপুরে রান্না করার প্রস্তুতি গ্রহণের সময় মামুন ঘরে ঢুকে এবং পূর্ব বিরোধের জেরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন ছুরি দিয়ে রোকসানার গলা কেটে হত্যা করে।
     
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পূর্ব কলহের কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার পরপরই মামুনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটিও পুলিশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনের চেষ্টা এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ওসি জানান।