পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেন। এর আগে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত উল্লেখিত (পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন) কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে নিজ বেতন স্কেল ও বেতনক্রমে বদলিভিত্তিক পদায়ন করা হলো। তিনি তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।’
ঠিক কী কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানা যায়নি। তবে জেলা শিক্ষা অফিসের একাধিক সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। বেশ কয়েকজন নারী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে এ সংক্রান্ত তদন্ত কমিটি এসবের সত্যতা পায়।
এ বিষয়ে এসএম মোসলেম উদ্দিন বলেন, ‘ আমাকে কেন স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি-না তাও জানি না। ২-৩ দিনের মধ্যে আমি অধিদফতরে যাবো, তারপর বিষয়টি নিয়ে বলতে পারবো।’