'দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে'

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ তন্ময় বলেছেন, 'আমি এখানে থেকে, এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই। তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'

জেলা তাঁতীলীগের আহবায়ক আঃ বাকী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, 'বিগত গত দশ বছরে আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে তা জনগণকে বোঝাতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দৃশ্যমান উন্নয়নের কথা তুলে তাদের মনজয় করতে হবে।'

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় তাঁতীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে দেশ খুনের রাজ্যে পরিণত হয়। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

এর আগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের কি ভূমিকা রাখতে হবে তার ওপর দিক নির্দেশনা দেন।

ইত্তেফাক/নূহু