রণবীরকে পোশাক দান করছে ইন্দোরবাসী! (ভিডিও)

কয়েকদিন আগে এক ফ্যাশন পত্রিকার জন্য ন্যুড ফটোশুট করেছিলেন রণবীর সিং। তাকে নিয়ে অসংখ্য ট্রল হচ্ছে, কেউ কেউ প্রশংসাও করছেন। শুধু তাই নয়, রণবীরের বিরুদ্ধে নারীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এবার তার বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে দেশটির ইন্দোরের বাসিন্দারা। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়েছে।
 
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু লোকজন একটি বাক্সকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে আছে। বাক্সের গায়ে রণবীরের সেই বিতর্কিত ছবি লাগানো। নিচে হিন্দি ভাষায় লেখা, ‘মানবিক জঞ্জাল।’

বাক্সটি ঘিরে থাকা জনতার হাতে নানা ধরনের কাপড়। কারও ঝুলি থেকে বের হচ্ছে নামি-দামি সংস্থার পোশাক, কারও ঝুলি থেকে বের হচ্ছে অন্তর্বাস! অনেকেই জামাকাপড়গুলো সেই বাক্সে দান করছেন। এটাই যেন তাদের প্রতিবাদের ভাষা।

এর আগে নারীদের মূল্যবোধ, অনুভূতিতে আঘাত দিয়েছেন- এই অভিযোগে মুম্বাইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করা হয়েছে। এক নারী আইনজীবীর দায়ের করা অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছে মুম্বাইয়ের চেম্বুর থানার পুলিশ।