দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১।
বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোর পৌনে ৫টার দিকে দেশটির ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। খবর এনডিটিভি ও রয়টার্স।
ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানী ম্যানিলাসহ অন্য অনেক এলাকাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। উদ্ভূত পরিস্থিতিতে শহরের মেট্রো রেল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল কম্পনে ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ সময় রাজধানীতে বিল্ডিং ছেড়ে লোকজনকে পালিয়ে যেতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এতে অনেক ক্ষতি হয়েছে। ভূমিকম্পটি আবরা প্রদেশের চারপাশে একটি পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়। এ কম্পটি ২৫ কিলোমিটার (১৫ মাইল) গভীরতায় স্থানীয় ফল্টে চলাচলের মাধ্যমে শুরু হয়েছিল।