রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইশরাক মনজুর (১৮)। ইশরাক এ লেভেলের শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওইদিন ইশরাক তার মা ফাহমিদা তাহেরের সঙ্গে স্কুলে আসে। দুপুরের দিকে ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনে স্কুলের শিক্ষক–কর্মচারীরা ছুটে যান। পরে স্কুলের গেটে অপেক্ষমান ইশরাকের মাও ছুটে যান। সেখানে তারা ইশরাককে দেখতে পান। সঙ্গে সঙ্গে স্কুলের একটি গাড়িতে করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
স্কুল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, ইশরাক তিনতলা স্কুল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এমনটা ঘটেছে, তা জানা যায়নি। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়াধীন।