ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

অভিষেকের পর থেকেই ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য শুভমান গিল। খেলেন ওপেনিং পজিশনে। তবে একাদশে জায়গা এখনো পাকাপোক্ত হয়নি। যতটুকুই সুযোগ পান সেটা বেশ ভালোভাবেই কাজে লাগাতে চেষ্টা করেন। আইপিএলেও দুর্দান্ত খেলেন। তবু, কেন যেন সাদা বলের ক্রিকেটে তাকে উপেক্ষিত রাখে ভারতের টিম ম্যানেজম্যান্ট।

কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষেও দলে জায়গা পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুভমান গিলকে রাখা হয়। মূলত রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরা ও লোকেশ রাহুলের মতো তারকারা না থাকাতেই সুযোগ পান তিনি। এবং সেটা কি দারুণভাবেই না কাজে লাগালেন এই ওপেনার। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে সর্বাধিক ২০৫ রান করে সিরিজসেরা হয়েছেন শুভমান। সেই সঙ্গে গতকাল সর্বশেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৮ রান করে অপরাজিত থাকেন। বৃষ্টির কারণে ব্যাটিং করার আর সুযোগ না পাওয়ায় শতক পূর্ণ করতে পারেননি। নয়তো পেয়ে যেতেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি।

প্রথম দুই ওয়ানডে জিতেই আগেই সিরিজ নিশ্চিত করে রাখে ভারত। রোহিত শর্মার অবর্তমানে শেখর ধাওয়ানের নেতৃত্বে তরুণ ভারতীয় দল গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে তারা। এর মধ্যে দুইবার বৃষ্টি বাধে দেয়। তাই আর ব্যাটিং করতে পারেনি সফরকারীরা। পরে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭ রান। কিন্তু ২৬ ওভারে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এতে ১১৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয় তারা এবং ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জাও বরণ করতে হয়।

এই সিরিজ ভারতের জন্য একদিক দিয়ে স্বরণীয় হয়ে থাকবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ন্যূনতম তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই প্রথমবার তাদেরকে হোয়াইটওয়াশ করেছে ভারত।