ধলেশ্বরী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় বশির ব্যাপারী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর চর আলীরটেকের বাঁশের সাঁকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তারপর নৌ- পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান।
এর আগে সন্ধ্যায় নদীতে লাশটি ভাসতে দেখে মুক্তারপর নৌ-পুলিকে খবর দেন স্থানীয়রা। বশির ব্যাপারী মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কান্দাপাড়া এলাকার মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে। তিনি পুকুর খনন করার ড্রেজার চালাতেন ও মাছ বিক্রি করতেন।
মুক্তারপর নৌ- পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, বশির তিনদিন ধরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি থানা এলাকা থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় একটি জিডিও হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।