আবারও আলোচনা ওসামা বিন লাদেনের পরিবার। এবার আলোচনায় এসেছে ব্রিটেনের প্রিন্স চার্লসের একটি দাতব্য সংস্থায় ১০ লাখ পাউন্ড অনুদান নিয়ে। শনিবার ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সানডে টাইমস তার প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালের ৩০ অক্টোবর লন্ডনের ক্ল্যারেন্স হাউজে প্রিন্স চার্লসের সঙ্গে দেখা হয়েছিল লাদেন পরিবারের সদস্য তথা সম্পর্কে ওসামা বিন লাদেনের ভাই বকর বিন লাদেনের। সেখানেই তার দাতব্য প্রতিষ্ঠান, ‘প্রিন্স অব ওয়েলস চ্যারিটেবল ফান্ডে’ অনুদান দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেন বকর বিন লাদেন। প্রতিষ্ঠানের অনেকেই তাতে আপত্তি জানালেও সম্মতি দেন প্রিন্স চার্লস। ২০১১ সালে এক সামরিক অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
অনুদান নেওয়ার ক্ষেত্রে প্রিন্সের উপদেষ্টারা নিষেধ করলেও অর্থ নেওয়ার আগে সবদিক খতিয়ে দেখা হয়েছিল বলেই জানিয়েছেন পিডব্লিউসিএফ চেয়ারম্যান ইয়ান চেশিয়ার। ঐ পরিবার বা সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানানো হয়েছে। তবে বিতর্কিত অনুদান নিয়ে পিডব্লিউসিএফ-এ বিতর্ক নতুন কোনো বিষয় নয়। এর আগে সৌদি আরবের এক ধনকুবেরের কাছ থেকেও অনুদান নেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে অভিযোগ ছিল, সৌদির ব্যবসায়ী মাহফুজ মারেই মুবারক বিন মাহফুজ ব্রিটেনের রাজপরিবার থেকে সম্মান এবং ইংল্যান্ডের নাগরিকত্বের প্রতিশ্রুতির বিনিময়ে চার্লসের দাতব্য প্রতিষ্ঠানে প্রচুর অনুদান দিয়েছেন। মাহফুজ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। এবার আবার বিতর্ক তৈরি হলো সেই অনুদানকে কেন্দ্র করেই।