‘ভালোবাসা কমেনি, এখনো ও আমার পরিবার’, কিরণ প্রসঙ্গে আমির

গত বছর আচমকা বিচ্ছেদের ঘোষণা সেরে সবাইকে চমকে দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হত তাদের। তবে বিচ্ছেদের পরেও সবসময়ই আমিরের পাশে দেখা গিয়েছে কিরণকে।

কাগজে-কলমে স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বের ডোর কিন্তু মজবুত। আজও আমিরের পরিবার কিরণ! প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে এবার 'কফি উইথ করণে'র মঞ্চে মুখ খুললেন আমির।

01aamir-khan11

'লাল সিং চাড্ডা' কো-স্টার কারিনা কাপুর খানের সঙ্গে করণের শো-তে হাজির ছিলেন নায়ক। একান্ত আলাপচারিতার ফাঁকে আমির বলেন, তাদের সম্পর্কের মাঝে এক মুহূর্তের জন্য তিক্ততা আসেনি। তার কথায়, 'আমার মনে আমার দুই প্রাক্তন স্ত্রীর জন্য প্রচুর শ্রদ্ধা আর সম্মান রয়েছে। আমরা সবসময় একটাই পরিবার থাকব।'

কিরণ রাওয়ের আগে রিনা দত্তের সঙ্গে সংসার পেতেছিলেন আমির। তাদের দুই সন্তান- ইরা ও জুনায়েদ। অন্যদিকে আমির-কিরণের এক পুত্র আজাদ, একসঙ্গেই ছেলের দেখভাল করছেন আমির-কিরণ।

অভিনেতা বলেন, শত ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা সকলে একসঙ্গে কাটান, নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নেন। পরস্পরের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে- সেটা পুরোপুরি আন্তরিক। 

amir familly

আমির-কারিনার সঙ্গে 'কফি উইথ করণ'-এর এই পর্ব দেখতে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। 

গত বছর জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা করে যৌথ বিবৃতিতে আমির-কিরণ জানিয়েছিলেন, 'একসঙ্গে কাটানো এই ১৫টা সুন্দর বছরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী-স্ত্রী নই, তবে বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার হয়েই থাকব।'

আমির খান ও কিরণ রাও-এর প্রথম আলাপ 'লগানে'র সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন তারা। বিয়ের ছয় বছর পর জন্ম নেয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খান।