শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের ‘মৃত্যু’ 

কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর আহত হয়ে মো. সিহাব উদ্দিন (১৪) নামের একজন মাদ্রাসা ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে (কুমেক) ওই ছাত্রের মৃত্যু হয়েছে। সে জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাওলানা আবদুর রব একই ইউনিয়নের মেড্ডা আল মতিনিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৭টায় ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রাত পৌনে ৮টায় থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাদ্রাসা ছাত্র সিহাবের ভাবি সাবিকুন নাহার ঝুমুর সাংবাদিকদের বলেন, তার দেবর সিহাব আবাসিক ছাত্র হিসেবে ওই শিক্ষকের তত্ত্বাবধানে নূরানী শিক্ষা গ্রহণ করছিল। গত কয়েক দিন আগে মাদ্রাসার শিক্ষক আবদুর রব তাকে বেত্রাঘাত করেন। এতে সিহাব গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা বিষয়টি গোপন রেখে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন। কিন্তু সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার (৪ আগস্ট) মাদ্রাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর পরিবারকে জানানো হয়। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। 

ঝুমুর জানান, সিহাবের শরীরে জ্বরসহ প্রচণ্ড ব্যথায় অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। সিহাবকে কুমেক হাসপাতালে আনার পর দুপুরের দিকে তার মৃত্যু হয়। 

সিহাবের বাবা শুক্কুর আলী বলেন, ছেলেকে আরবি শিক্ষার জন্য পাঠিয়েছিলাম, শিক্ষকের নির্মমতায় ছেলেকে হারাতে হলো। এই শোক কীভাবে সইবো। কার কাছে বিচার চাইবো। 

ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমেদ শফি বলেন, আমি সিহাবের পরিবারের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি দুঃখজনক হলেও সিহাবকে মেরে ফেলার উদ্দেশ্যে তো এ বেত্রাঘাত করা হয়নি। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাত পৌনে ৮টায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ব্যাপারে জানতে পারি। পরে বিভিন্ন জনের কাছ থেকে বিষয়টি জেনে ঘটনাস্থলসহ ওই মাদ্রাসা ছাত্রের বাড়িতে পুলিশ পাঠানো হয়। বাড়ি থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার কুমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক আবদুর রবকে আটক করা হয়েছে।