ডলারের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিলেও সমস্যার সমাধান যেন হচ্ছে না। এত পদক্ষেপের পরও ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচা শুরু হচ্ছে না। এটা চালু হলে ডলারের দামের অস্থিরতা অনেকটা কেটে যেত বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা।
বাংলাদেশ ব্যাংক সোমবার (৮ আগস্ট) ডলারের দাম আবারও বাড়িয়েছে। এতে আরেক দফা কমেছে টাকার মান। এর ফলে প্রতি ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা। এই দামে রিজার্ভ থেকে ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে সোমবার খোলাবাজারে ডলারের দাম ১১৫ টাকা ছাড়িয়ে গেছে। দুপুরে কার্ব মার্কেটে প্রতি ডলার রেকর্ড ১১৫ টাকা ৬০ পয়সায় বিক্রি হয়েছে। তারপরও চাহিদা অনুযায়ী ডলার মিলছে না।
মতিঝিলের খুচরা ডলার ব্যবসায়ী বেলাল জানান, খোলা বাজারে ডলারের চাহিদা বেশি, সরবরাহ কম। তীব্র সংকট চলছে। সে কারণেই দর বেড়েছে।
কয়েকটি এক্সচেঞ্জ হাউজ সূত্রে জানা গেছে, তারা সোমবার সর্বোচ্চ ১১৫ টাকায় ডলার বিক্রি করেছে। তবে এখন ডলার নেই। কেউ চাইলে অন্য হাউজ থেকে এনে দিতে হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত মূল্যে নগদ ডলার বিক্রি হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১৩ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে। রিজার্ভ থেকে ধারাবাহিক ডলার বিক্রির কারণে ৪০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত। রবিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।